শামসুন্নাহার,চাঁপাইনবাবগঞ্জ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি। কোথাও মুষলধারে, আবার কোথাও ঝিরঝিরে বৃষ্টিতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।
অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাজার, রাস্তাঘাট ও জনপদে হাঁটুসমান পানি জমে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লছমানপুর (নতুন গ্রাম) এলাকায় পাগলা নদীর পাশের সড়কে নির্মিত একটি কালভার্ট প্রবল স্রোতের চাপে ধসে পড়ে। এতে স্থানীয় কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, কালভার্টটি ভেঙে যাওয়ায় তাদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।